বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

স্টেশন

সন্ধ্যাশেষের রেল-স্টেশন, বেলা তুমি চুপটি বসে 
গতকালই সকালবেলায় তিনটা যুবক আসলো হঠাৎ 
ঠিক তখনই বুঝেছিলে, বিয়ে তোমার ভাঙলো এবার 
এই ক'টা দিন কত্ত ধকল গেল, তুমি ভাবতে পারো? 

সোমবার, ৮ অক্টোবর, ২০১২

সিনথিয়া

রাত বুঝি শেষ হয়ে এল, সিনথিয়া
রাতজাগা সব পাখিদের ক্লান্তিতে
জল ঝরে পড়ে জোনাকের ডানা থেকে
চাঁদ কেঁপে ওঠে ভয়াবহ নীল শীতে।

মেঘে মেঘে রাত ভেসে গেল সিনথিয়া
ভোর-রাতে নামে কুয়াশাও বন্দরে;
সিনথিয়া যদি নীল কাঁচে জমে বাষ্প,
রাত দেখে নিও এ চোখের আরশীতে।

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

ভাঙা-স্বপ্নের শহরে

ভাঙা-স্বপ্নের রাজপথজুড়ে হাসি আর খুশি ছড়ানো
স্বপ্ন আমায় কাছে ডেকে বলে, "তুমি ওসবের কী জানো?"

শহর পেরোলে বন আবার সে বন পেরোলেই লোকালয়
নদীপথে ছোটে মৌমাছি আর বাগানের মাঝে ফুটপাথ
জীবনানন্দ ট্রামে উঠে পড়ে - ধিক্কার দেয় জোনাকি !
সন্ধ্যার চাঁদ একতারা হাতে সব দেখে-শুনে বিহ্বল 

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

অগাস্ট-শেষের গান

আমি ভয় পেয়ে পেয়ে ক্লান্ত, ওই গল্পেরা কি তা জানতো? 
আজ ট্রাফিক পুলিশ নিখোঁজ তবুও চৌরাস্তাটা শান্ত ! 
কেউ ঘুম বেঁচে দিল সস্তায়, কারও স্বপ্ন হয়েছে ছিনতাই 
চেনা সুখগুলো সব দ্রবীভূত বলে খারাপ যাচ্ছে দিন তাই 

ওরা হারিয়েছে যারা ক্যান্টিনে বসে হেসে সিগারেট টানতো 
আমি হারানোর ভয়ে ক্লান্ত - সেটা কবিতারা বুঝি জানতো? 

শনিবার, ২৫ আগস্ট, ২০১২

সিংহ'টা

সিংহ'টা সাগরের সৈকত ধরে
অবিরাম অবিরাম ঘোরাফেরা করে
আমি জানি সিংহের মনে কিছু ছিল
অদ্ভূত রাতে তার ঘুম কেড়ে নিল -
কোন সেই স্বপ্ন? বা কিসের ভয়?
সিংহের মনে আজ বড় সংশয় !

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

স্বপ্ন তোমায় ধরবো বলে...

মনের জ্বরেতে জল পুড়ে যায়, কী ভীষণ উত্তাপে
থার্মোমিটার ঘেমে নেয়ে ওঠে অসহ পারদ চাপে
আমি হেসে বলি, 'আঙুলে ছুঁয়ে দেখবে একটু সোনা?'
তুমি দুইপাশে মাথা নেড়ে বলো, 'দেখবো না, দেখবো না!'

'তবে থাকো তুমি, আমি পারবো না', আমি কড়া অভিমানী
তুমি হেসে বলো, 'কেন পারবে না? পারবে - আমি জানি।'

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

শ্রাবণ

(যখন আকাশে অবাধ মেঘ, বা অঝোর বৃষ্টি - এটা শুধু সেই সময়ের কবিতা)



ও মেঘ দেখে নিও, তোমার নাদ শুনেও আমার প্রিয়া রবে চুপচাপ
যে মেঘ দেখে কাঁদে জগৎ-সংসারী, সে মেঘে কাঁদা তার সাজে কি?
তা বলে ভেবো না সে কাঁদতে ভুলে গেছে - ওসব আরেক মহাকাব্য
ও মেঘ, তুমি তার খেয়াল রেখো শুধু; আমার কাছে কি তুমি ঋণী নও?