রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭

পাপ

আটকে থাকা কালো জানালার কাঁচ
তোমার গালে একমুঠো রোদ্দুর
গাড়ির গতির সঙ্গে হাওয়ার জেদ
দুচোখ তোমার অথৈ সমুদ্দুর
কানটা পাতোগানটা তোমার হারাচ্ছে তার সুর!

ভিন্ন আলোয় ভাসছে চেনা পথ
বুকের ভেতর বাড়ছে নিম্নচাপ
ছিন্ন করো এবার ভুল-শপথ
ভুলতে শেখো মিথ্যে অভিশাপ
বুঝতে শেখোআমায় নিয়ে স্বপ্ন দেখা' পাপ!

শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭

মেঘলা শহর

মেঘলা শহরতোমার সবুজ গানে
বিভোর আমি লুকোচ্ছি সব ক্ষত,
পিঁপড়েগুলো শর্করা সন্ধানে
যেমন করে সমস্তদিন ছুটছে অবিরত...
মেঘলা শহরতোমায় আমি খুঁজছি নিজের মত।

মেঘলা শহরআমার সকল স্মৃতি
তোমায় নিয়ে ঘুম-চেতনায় গাঁথা
কিন্তু এখন এমন পরিস্থিতি
পথটা আমার আটকে রাখে ঘুমভাঙ্গা বিধাতা...
মেঘলা শহরআমায় তোমার গান শোনাবার কথা!

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

প্রস্থান


জলরঙে আঁকা ব্যস্ত মহানগরে
ডুব দেবো আজ - হয়তো পাবো না ক্ষমা,
মানিব্যাগে নয়, বুকপকেটের খামে
একজীবনের স্মৃতিটা থাকলো জমা
নশ্বর এই জীবনের মানে শুধু
হবে সে স্মৃতির নির্ভুল তর্জমা -
জেনে রেখো প্রিয়তমা।

শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

বেঁচে থাকার গান

ব্যস্ত সড়ক – পথের ওপর সস্তা হোটেল, কসকো সাবান
লোডশেডিং-এ জিরোচ্ছে খুব সিলিং ফ্যানের ক্লান্ত পাখা
ঘড়ির কাঁটায় আটকে সময়, নয়টা-পাঁচটা জীবন-যাপন
দিন পোহাতেই রাত্রি নামে; ছাড়পোকাদের আদরমাখা
এই জীবনে আমায় তুমি কাব্য লিখতে বলছো আবার?

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪

অন্ধকারের জন্মকথা

আমার আপা'র মুখটা ছিল 'আলো'র মত
অন্ধকারে সেই চেহারা ঝকমকাতো
কিন্তু ভীষণ রহস্যময় এই শহরে
কিছু গল্প থাকেই - খানিক ইতস্তত!

আপা'র ছিল হালকা শরীর শান্ত মেজাজ
চুলের বেণী দীর্ঘ এবং দেখার মত;
আমি তখন ছোট্ট ছেলে - ঘুমিয়ে পড়ি
আপা'র কোমল গল্প শোনার পর নিয়ত।

রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪

প্লাস্টিকের হাতুড়ি

দোকানের গায়ে ঝলমলে লেখা 'নিপা জুয়েলারী শপ' 
ফণীভূষণের তিনপুরুষের জাগতিক ব্যবসা 
আবডালে বাড়ে এই দেশে কত পরিচিত সমাচার 
পথের ওপাশে মেঘদলে ভাসে চুপচাপ ঈশ্বর। 

নিপার বয়স ষোল কি সতের - হেলেনে'র পাপে পাপী 
মোড়ের দোকানে কান-কথা ওঠে গুঞ্জনে নিয়মিত 
ফণীভূষণের মোটা চশমাতে ধোঁয়া আঁকে বাষ্পে'রা 
ক্লাস টু'তে পড়া ছোট ছেলেটারও অদ্ভূত ঠেকে সব 

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০১৪

আর না-বলা গল্পগুলো

৩.
মিথ্যে করে 'আর না-বলা গল্পগুলো'র জীবদ্দশায়
তোমায় ভুলে দিলাম আমি ইচ্ছেমতন আকাশ-পাড়ি;
আর যারা সব দু'চোখ বুজে নাকের ওপর চশমা বসায়,
ভাবছে তারা - 'হয়েই গেল একটা ভীষণ কেলেঙ্কারী' !

কিন্তু যারা অন্যরকম, উড়তে শিখেছিলো যারা,
তারাই বুঝে এখন কেন দেয়ালজুড়ে সাতাশটা রং;
সবটা বুঝে বলল ওরা তুচ্ছ করে সব ইশারা -
'আর না-বলা গল্পগুলো আমরা শুনতে চাই না বরং !'