বুধবার, ২৯ আগস্ট, ২০১২

অগাস্ট-শেষের গান

আমি ভয় পেয়ে পেয়ে ক্লান্ত, ওই গল্পেরা কি তা জানতো? 
আজ ট্রাফিক পুলিশ নিখোঁজ তবুও চৌরাস্তাটা শান্ত ! 
কেউ ঘুম বেঁচে দিল সস্তায়, কারও স্বপ্ন হয়েছে ছিনতাই 
চেনা সুখগুলো সব দ্রবীভূত বলে খারাপ যাচ্ছে দিন তাই 

ওরা হারিয়েছে যারা ক্যান্টিনে বসে হেসে সিগারেট টানতো 
আমি হারানোর ভয়ে ক্লান্ত - সেটা কবিতারা বুঝি জানতো? 

শনিবার, ২৫ আগস্ট, ২০১২

সিংহ'টা

সিংহ'টা সাগরের সৈকত ধরে
অবিরাম অবিরাম ঘোরাফেরা করে
আমি জানি সিংহের মনে কিছু ছিল
অদ্ভূত রাতে তার ঘুম কেড়ে নিল -
কোন সেই স্বপ্ন? বা কিসের ভয়?
সিংহের মনে আজ বড় সংশয় !

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

স্বপ্ন তোমায় ধরবো বলে...

মনের জ্বরেতে জল পুড়ে যায়, কী ভীষণ উত্তাপে
থার্মোমিটার ঘেমে নেয়ে ওঠে অসহ পারদ চাপে
আমি হেসে বলি, 'আঙুলে ছুঁয়ে দেখবে একটু সোনা?'
তুমি দুইপাশে মাথা নেড়ে বলো, 'দেখবো না, দেখবো না!'

'তবে থাকো তুমি, আমি পারবো না', আমি কড়া অভিমানী
তুমি হেসে বলো, 'কেন পারবে না? পারবে - আমি জানি।'

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

শ্রাবণ

(যখন আকাশে অবাধ মেঘ, বা অঝোর বৃষ্টি - এটা শুধু সেই সময়ের কবিতা)



ও মেঘ দেখে নিও, তোমার নাদ শুনেও আমার প্রিয়া রবে চুপচাপ
যে মেঘ দেখে কাঁদে জগৎ-সংসারী, সে মেঘে কাঁদা তার সাজে কি?
তা বলে ভেবো না সে কাঁদতে ভুলে গেছে - ওসব আরেক মহাকাব্য
ও মেঘ, তুমি তার খেয়াল রেখো শুধু; আমার কাছে কি তুমি ঋণী নও?

সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

উঁইপোকাদের ঢিবি - ২

এই ছেলে হাঁটেনি - স্নিগ্ধ অন্ধকারে
নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,
জীবনানন্দে উন্মত্ত হয়ে।

এই ছেলে শোনেনি - শিশিরের শব্দের মত
সন্ধ্যার নেমে আসা
সবুজ করুণ এই দো-আঁশ ডাঙায়।

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

একটা খুনের গল্প

দিদি, তোকে দেখতে পেলাম যে-রোদ্দুরে 
গল্প থেকে আমি তখন অনেক দূরে 
তোকে নিয়ে ওরা কিসব বলে গেল 
আমার তখন ওসব শোনার কাল ছিল না 
আবর্জনার স্তুপে একটা মরা শালিখ - 
এই পাখিটা স্বর্ণালী'রা পালছিল না? 
ওসব গল্প ফেলে তখন অনেক দূরে 
একলা হেঁটে যাচ্ছিলি কি সমুদ্দুরে? 

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

উঁইপোকাদের ঢিবি - ৩

মহানগর উঠছে বেড়ে উঁইপোকাদের ঢিবি'র মতন
চৈত্রমাসের আর্দ্র বাতাস, দেয়াল-তোষক ভ্যাপসা গরম
ঘড়ির কাঁটায় আটকে সময় - মধ্যরাতের রেল ইস্টিশন
শান্তাহারের কলাওয়ালা'র দীর্ঘশ্বাসে মেঘ জমে না।
দু-তিন টাকায় দুঃসংবাদ, আশি টাকায় ফ্যাশন জগৎ
কারেন্ট আসলে ডুকরে কাশে চা-দোকানের টেলিভিশন
ছুটছে সবাই - এত্ত কী কাজ ! কার তরে? - কে বলতে পারে?
আমি শুধু জানি, তুমি বৃষ্টি আনবে শুক্রবারে...