শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

প্রস্থান


জলরঙে আঁকা ব্যস্ত মহানগরে
ডুব দেবো আজ - হয়তো পাবো না ক্ষমা,
মানিব্যাগে নয়, বুকপকেটের খামে
একজীবনের স্মৃতিটা থাকলো জমা
নশ্বর এই জীবনের মানে শুধু
হবে সে স্মৃতির নির্ভুল তর্জমা -
জেনে রেখো প্রিয়তমা।

শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

বেঁচে থাকার গান

ব্যস্ত সড়ক – পথের ওপর সস্তা হোটেল, কসকো সাবান
লোডশেডিং-এ জিরোচ্ছে খুব সিলিং ফ্যানের ক্লান্ত পাখা
ঘড়ির কাঁটায় আটকে সময়, নয়টা-পাঁচটা জীবন-যাপন
দিন পোহাতেই রাত্রি নামে; ছাড়পোকাদের আদরমাখা
এই জীবনে আমায় তুমি কাব্য লিখতে বলছো আবার?

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪

অন্ধকারের জন্মকথা

আমার আপা'র মুখটা ছিল 'আলো'র মত
অন্ধকারে সেই চেহারা ঝকমকাতো
কিন্তু ভীষণ রহস্যময় এই শহরে
কিছু গল্প থাকেই - খানিক ইতস্তত!

আপা'র ছিল হালকা শরীর শান্ত মেজাজ
চুলের বেণী দীর্ঘ এবং দেখার মত;
আমি তখন ছোট্ট ছেলে - ঘুমিয়ে পড়ি
আপা'র কোমল গল্প শোনার পর নিয়ত।

রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪

প্লাস্টিকের হাতুড়ি

দোকানের গায়ে ঝলমলে লেখা 'নিপা জুয়েলারী শপ' 
ফণীভূষণের তিনপুরুষের জাগতিক ব্যবসা 
আবডালে বাড়ে এই দেশে কত পরিচিত সমাচার 
পথের ওপাশে মেঘদলে ভাসে চুপচাপ ঈশ্বর। 

নিপার বয়স ষোল কি সতের - হেলেনে'র পাপে পাপী 
মোড়ের দোকানে কান-কথা ওঠে গুঞ্জনে নিয়মিত 
ফণীভূষণের মোটা চশমাতে ধোঁয়া আঁকে বাষ্পে'রা 
ক্লাস টু'তে পড়া ছোট ছেলেটারও অদ্ভূত ঠেকে সব 

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০১৪

আর না-বলা গল্পগুলো

৩.
মিথ্যে করে 'আর না-বলা গল্পগুলো'র জীবদ্দশায়
তোমায় ভুলে দিলাম আমি ইচ্ছেমতন আকাশ-পাড়ি;
আর যারা সব দু'চোখ বুজে নাকের ওপর চশমা বসায়,
ভাবছে তারা - 'হয়েই গেল একটা ভীষণ কেলেঙ্কারী' !

কিন্তু যারা অন্যরকম, উড়তে শিখেছিলো যারা,
তারাই বুঝে এখন কেন দেয়ালজুড়ে সাতাশটা রং;
সবটা বুঝে বলল ওরা তুচ্ছ করে সব ইশারা -
'আর না-বলা গল্পগুলো আমরা শুনতে চাই না বরং !'

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

আমাদের ঘুম-ভাঙা'র ইতিহাস

জানি না কতকাল ঘুমিয়ে কেটে গেল !
টেবিলে আলো ফেলে সহসা মিসকল,
অলস কল-ব্যাকে: 'মুরাদপুরে আয় -
ডাচ-বাংলা'র মুখে দাঁড়াবো, আসবি তো?'

স্মৃতিরা জেগে ওঠে, ক্যান্ডি রেস্তঁরা
নিয়নে গম্ভীর জিইসি; তারপর
পাশ কাটিয়ে যায় ক্ষ্যাপাটে রাইডার
আমিও হেঁটে চলি। লক্ষ্য? - বিস্মৃত !

বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

গল্পকারের বউ

ঝুল-বারান্দা - মাটির টবে তিনটা কচি ফুলের চারা
আর বাতাসে অন্ধ-আবেগ তীব্রতর রং মেশালো
মেঘগুলো তাই ইতস্তত, ফুল দিল খুব ভুল ইশারা
একটা অবাক গল্প শুনে যেদিন তোমার মৃত্যু হল

এক পলকের স্বপ্ন দেখা, আর বারোমাস গেরস্থালি
পথের ওপর ঘর-সংসার; তারপরও কী উন্মাদনা -
ঘুম জাগলেই হাতছানি দেয় পবিত্র সেই স্বপ্নগুলি
অন্য সকল লোকের মতন 'অর্থকরী স্বপ্ন' তো না !